বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনায় বিএনপির বিশাল গণ-দোয়া

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ০৫:১১ পিএম

অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনায় বিএনপির বিশাল গণ-দোয়া

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খুলনায় এক বিশাল গণ-দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর শহীদ হাদিস পার্কে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে কয়েক হাজার মানুষ অংশ নেন।

এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা বেগম জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘজীবন কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন।

গণ দোয়া ও মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা -২ আসনে ধানের শীষের সাবেক প্রার্থী ও সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার দ্রুত উন্নতি কামনা করে সবার কাছে দোয়া চান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর ‍বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

এসময় অন্যান্যদের মধ্যে কেসিসি'র সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিসহ দলটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, বেগম জিয়ার বর্তমান শারীরিক সংকটাপন্ন অবস্থায় দলীয় ও মানবিক দায়িত্ববোধ থেকে এই গণ-দোয়ার আয়োজন করা হয়।