বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নির্বাচনী তপশিলকে স্বাগত জানাল খেলাফত মজলিস

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ০৮:৪১ পিএম

নির্বাচনী তপশিলকে স্বাগত জানাল খেলাফত মজলিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করায় এটিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার সন্ধ্যায় তপশিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে তপশিল ঘোষণাকে স্বাগত জানান।

তারা বলেন, ঘোষিত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযুক্ত সময়, যা সচেতন রাজনৈতিক মহলের আগে থেকেই দাবি ছিল।

তবে নেতৃদ্বয় তপশিলের কয়েকটি বিষয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। তারা বলেন, তফসিলে ঘোষিত বিভিন্ন সময়সীমা যথার্থ হলেও একই দিন গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করা একটি দুরূহ কাজ। এই ক্ষেত্রে বাজেট, দক্ষ জনবল ও ভোটারদের সচেতনতার সমন্বয় থাকতে হবে।

নেতৃদ্বয় মনে করেন, অন্যদিকে নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড এখনো পুরোপুরি প্রস্তুত নয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখনো নিয়ন্ত্রণে আসেনি। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, পেশীশক্তির রাজনীতি ও কালো টাকার প্রভাবে রাজনৈতিক সহিংসতায় হতাহতের সংখ্যা বাড়ছে। ৫ আগস্ট পরবর্তী লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনীর কার্যকর ভূমিকা দৃশ্যমান নয় বলেও তারা মন্তব্য করেন।

পাশাপাশি পরাজিত আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি এখনো ষড়যন্ত্র ও নাশকতায় লিপ্ত রয়েছে বলেও তারা দাবি করেন। এমন পরিস্থিতিতে নেতৃদ্বয় বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের উপযুক্ত ক্ষমতা নির্বাচন কমিশনকে প্রয়োগ করতে হবে। তারা আশা প্রকাশ করেন যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।