নুরুল হুদা দুলাল
ডিসেম্বর ১১, ২০২৫, ০৯:৩০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর সদর-৩ আসনের প্রার্থী হিসেবে জেলা শাখার আহ্বায়ক ও শিক্ষাবিদ শামসুল মুক্তাদিরকে মনোনয়ন দিয়েছে। এনসিপি’র সদস্য সচিব আক্তার হোসেন গত ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে এক প্রেস ব্রিফিংয়ে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণার সময় এই তথ্য জানান।
শিক্ষাবিদ শামসুল মুক্তাদির দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম তাহের উদ্দিন আহম্মেদ এর কনিষ্ঠ পুত্র।শামসুল মুক্তাদিরের রয়েছে সমৃদ্ধ পেশাগত ও শিক্ষাগত পটভূমি।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি কান্ডার কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে নন-প্রফিট ম্যানেজমেন্টে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন এবং ইউনেস্কো কেইজো ওবুচি ফেলোশিপ অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি ইউনেস্কোর শিক্ষা গবেষক ও প্রশিক্ষক হিসেবে জাগ্রত নাগরিক ফাউন্ডেশন এবং গ্লোবাল কো-প্রসপারিটি ফাউন্ডেশনে কাজ করেছেন। এছাড়া তিনি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়, ইতালির ভেনিস বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়া দূতাবাস, কানাডিয়ান হাইকমিশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।