ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:০০ পিএম
বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। আজ শনিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে।
দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এই দলে যোগ দেন।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্র মতে, সাক্ষাৎকালে মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়াত আমিরের উপস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি, আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তার অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি ও দলীয় শৃঙ্খলার প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দীর্ঘ নেক হায়াত কামনা করেন।মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রাখেন।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি আদায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন