বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

‘বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করছে ভারত’:নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:১৪ পিএম

‘বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করছে ভারত’:নাহিদ ইসলাম

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করছে ভারত।

শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে আওয়ামী লীগ দেশে নাশকতার নানা ধরনের পরিকল্পনা করছে। তার মতে, ওসমান হাদির ওপর হামলা তারই অংশ।

এনসিপি নেতা বলেন,হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা আওয়ামী লীগ যে ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে সেটার একটা শুরু বলা যেতে পারে।”তিনি আরও বলেন,আগস্টের আগে ভারত আওয়ামী লীগকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করেছে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করেছে। বাংলাদেশের রাজনীতিতে সবসময় হস্তক্ষেপ করেছে ভারত। সরকারকে আমরা বলেছি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক রাখতে হলে এই ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে বানচাল করতে আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে, হাদির ওপর হামলা তারই অংশ। তিনি এই ষড়যন্ত্রের অংশ হিসেবে মিডিয়া, টকশো ও কোর্ট পাড়ায় আওয়ামী লীগকে রাজনীতির মাঠে 'স্বাভাবিককরণের' (নরমালাইজিং) প্রক্রিয়া দেখছেন।তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি আওয়ামীপন্থি শিক্ষকরা গোপন মিটিং করার সুযোগ পাচ্ছে। আমরা কোর্ট পাড়ায় দেখতে পাচ্ছি যে জয় বাংলা স্লোগান হচ্ছে। এটা একটা পরিকল্পিত আয়োজন, আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করা।”

এনসিপি আহ্বায়ক সরকারকে এই বিষয়ে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবেই নয়, তাদেরকে মোকাবিলা করতে হবে প্রশাসনিক ও বুদ্ধিভিত্তিক সকল স্তরে।তিনি জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা বজায় থাকবে, কিন্তু তা যেন কখনোই একটি সীমা অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে সুযোগ করে না দেয়—এ ব্যাপারে বৈঠকে উপস্থিত সকল দল একমত পোষণ করেছে।