ডিসেম্বর ১৩, ২০২৫, ০৬:৫৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার শুভ সংবাদকে সামনে রেখে দলের নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিকে ‘আনন্দের সংবাদ’ উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী তাকে ‘গণতন্ত্রের টর্চ বেয়ারার’ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন,গণতন্ত্রের টর্চ বেয়ারার তারেক রহমান ২৫ তারিখে বাংলাদেশে ইনশাআল্লাহ ফিরে আসবেন। ...তার নেতৃত্বেই জাতিকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলনে আমরা সফল হয়েছি। তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার যে সংগ্রাম আমরা গত বছরগুলোতে করেছি, তা নতুন গতি পাবে।”ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে আমীর খসরু বলেন, এমন এক সময়ে এসব ঘটনা ঘটছে, যখন দেশের স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন।
তিনি বলেন, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার রাজনীতি ধারণ করেছে। কিন্তু এর বিপরীতে দেশে 'মবক্রেসি', বলপ্রয়োগ, ও অপরকে অসম্মান করার রাজনীতি দেখা যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন যে, যেকোনো অজুহাতে অস্থিতিশীলতা সৃষ্টি করার এ ধরনের রাজনীতি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাম্য নয়। এ প্রসঙ্গে আমীর খসরু বিএনপির নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান জানান।
আমীর খসরু বলেন, আগামী ২৫ তারিখ থেকে বাংলাদেশের রাজনীতির গণতান্ত্রিক অঙ্গনে ইনশাআল্লাহ একটি নতুন জোয়ার সৃষ্টি হবে। তিনি সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।তিনি বলেন, আসন্ন নির্বাচন শুধু বিএনপির জয় নয়, এটি হবে গণতন্ত্রের জয়। দেশ পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে তিনি জানান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগই হবে বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার, উন্নয়নের নামে মেগা প্রকল্প নয়।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন