রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এনসিপি প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৩

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:৪১ পিএম

এনসিপি প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদের তিন সমর্থকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের কিল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মো. হাছান উদ্দিন, এমদাদ হোসেন ও রাজিব উদ্দিন। তাঁরা সবাই শাপলা কলি প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। বর্তমানে তাঁরা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার নতুন জেগে ওঠা চর জাগলার ভূমি বন্দোবস্তকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

অভিযোগ রয়েছে, অতীতে ভূমিদস্যুরা প্রতিটি ভূমিহীন পরিবারের কাছ থেকে চরের জমির বিনিময়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদ সম্প্রতি ভূমিহীনদের জলদস্যুদের টাকা না দেওয়ার আহ্বান জানালে উত্তেজনা সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিহীনদের পক্ষে কথা বলায় শামসুদ্দিনের নেতৃত্বে একদল ব্যক্তি হাছান উদ্দিন ও এমদাদ হোসেনকে দা দিয়ে কুপিয়ে জখম করে। তাঁদের বাঁচাতে গিয়ে রাজিব উদ্দিনও আহত হন। আহত হাছান উদ্দিনের অভিযোগ, হামলাকারীরা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

অভিযুক্ত শামসুদ্দিন দাবি করেন, "আমাদের বাড়িতে এসে প্রথমে এনসিপির লোকজন হামলা চালায়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।" তবে এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদ এই হামলাকে গণতন্ত্র ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর আঘাত হিসেবে বর্ণনা করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।