রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যে কারণে সরকারের গানম্যান ফিরিয়ে দিলেন নুরুল হক নুর

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:৫০ পিএম

যে কারণে সরকারের গানম্যান ফিরিয়ে দিলেন নুরুল হক নুর

নিরাপত্তা শঙ্কায় থাকা দেশের ২০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান বা বিশেষ নিরাপত্তা প্রটোকল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই তালিকায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাম থাকলেও তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ডাকসু ভবনে নুরের ওপর নারকীয় হামলার ৬ বছর পূর্তি উপলক্ষে এই সভা আয়োজন করা হয়েছিল।

বক্তব্যের শুরুতেই নুরুল হক নুর সরকারের এই উদ্যোগকে ধন্যবাদ জানালেও তার আপত্তির জায়গাটি স্পষ্ট করেন তিনি বলেন।

যেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী জনসমক্ষে পোশাক পরিহিত অবস্থায় নিজ কার্যালয়ের সামনে হামলা করেছে, সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেওয়া গানম্যান আমি গ্রহণ করছি না।” নুর অভিযোগ করেন যে, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর দশাকেই তুলে ধরে। বিচারহীনতার এই সংস্কৃতি বজায় রেখে ব্যক্তিগত নিরাপত্তা নেওয়াকে তিনি নৈতিকভাবে সঠিক মনে করছেন না।

কেবল নিজের নিরাপত্তা নয়, বরং দেশের সামগ্রিক নির্বাচন ব্যবস্থা ও ভোটাধিকার নিয়েও কথা বলেন এই তরুণ নেতা। তিনি বলেন, শুধু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের গানম্যান বা নিরাপত্তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। দেশে যতক্ষণ পর্যন্ত প্রকৃত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হবে এবং ভোটারদের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ ও ভয়হীন পরিবেশ তৈরি না হবে, ততক্ষণ সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাবে না। নির্বাচনের চেয়ে জননিরাপত্তা ও বিচার নিশ্চিত করাকে তিনি এই মুহূর্তে অগ্রাধিকার হিসেবে দেখছেন।

উল্লেখ্য যে, গত ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল যে, গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও সম্ভাব্য প্রার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা প্রটোকল নিশ্চিত করা হবে। সেই নির্দেশনার আলোকেই নুরুল হক নুর ও রাশেদ খাঁনের জন্য গানম্যান বরাদ্দের খবর আসে। তবে নুর তা ফিরিয়ে দিয়ে মূলত অপরাধীদের বিচারের দাবিতে নিজের অনড় অবস্থানের জানান দিলেন। নুরের এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।