রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

৭ ঘন্টায় নির্বাচনী অনুদান কত টাকা পেলেন তাসনিম জারা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:৩০ এএম

৭ ঘন্টায় নির্বাচনী অনুদান কত টাকা পেলেন তাসনিম জারা

নির্বাচনী প্রচারণার খরচে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্বচ্ছতার এক অনন্য নজির সৃষ্টি করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। সোমবার নির্বাচনী তহবিল সংগ্রহের ঘোষণা দেওয়ার পর মাত্র ৭ ঘণ্টার ব্যবধানে ১২ লাখ টাকারও বেশি অনুদান সংগ্রহ করেছেন তিনি।

মঙ্গলবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ডা. জারা এই অভাবনীয় সাড়ার কথা জানিয়ে সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডা. তাসনিম জারা জানান, আসন্ন নির্বাচনে তার প্রচারণার জন্য মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা।

তিনি ঘোষণা দিয়েছেন যে, সংগৃহীত অর্থের পরিমাণ ৩৪ লাখ টাকা স্পর্শ করলেই তহবিল সংগ্রহ বন্ধ করে দেওয়া হবে। অনুদান সংগ্রহের প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়ায় সোমবার রাত ২টার পর বিকাশের নির্ধারিত লিমিট শেষ হয়ে যায়। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, রাজনৈতিক দলগুলোর গতানুগতিক ধারার বাইরে গিয়ে প্রতিটি টাকার হিসাব সাধারণ মানুষকে দেবেন।

আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ডা. জারা তার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সের স্ক্রিনশটও জনসমক্ষে প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা জিরো ব্যালেন্স থেকে শুরু করেছি এবং আপনাদের দেওয়া প্রতিটি পয়সা আমরা স্বচ্ছভাবে খরচ করব।” এনসিপি-র এই তরুণ নেত্রীর এমন স্বচ্ছ রাজনৈতিক অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই মন্তব্য করেছেন যে, বাংলাদেশের রাজনীতিতে অর্থের উৎস ও খরচের এমন পরিষ্কার হিসাব দেওয়ার সংস্কৃতি নতুন প্রাণের সঞ্চার করবে।

উল্লেখ্য যে, পেশায় চিকিৎসক ডা. তাসনিম জারা স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কন্টেন্ট তৈরি করে দেশজুড়ে জনপ্রিয়। এবার তিনি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টির ব্যানারে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন। ঢাকা-৯ আসনে তার এই ‘ক্রাউডফান্ডিং’ বা জন-অনুদান মডেল অন্যান্য তরুণ প্রার্থীদের জন্যও এক নতুন পথের দিশা দেখাচ্ছে।