শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

দিনাজপুর-১ আসনে ধানের শীষে মনজুরুল ইসলামের মনোনয়ন সংগ্রহ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:৪২ পিএম

দিনাজপুর-১ আসনে ধানের শীষে মনজুরুল ইসলামের মনোনয়ন সংগ্রহ

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মনের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপি নেতা রেজওয়ানুল ইসলাম রিজু, সুভাষ দাশ, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা।

 বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার এবং সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনাসহ বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র গ্রহণ শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা বীরগঞ্জ ও কাহারোলবাসীর হারানো অধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ। আমি এই আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি।

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বীরগঞ্জ উপজেলা চত্বরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় পর উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে এই আসনে নির্বাচনী উত্তাপ শুরু হলো।