শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ধানের শীষের জনসভা: দলীয় ঐক্য জোরদারের আহ্বান মনজুরুল ইসলামের

মো আরিফ ইসলাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:৩৫ পিএম

বীরগঞ্জে ধানের শীষের জনসভা: দলীয় ঐক্য জোরদারের আহ্বান মনজুরুল ইসলামের

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে নির্বাচনী জনসভা করেছে ১নং শিবরামপুর ইউনিয়ন বিএনপি। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের ভেলা পুকুর বাবুরহাটে মতিয়ারের মিল চাতালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।

 প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আপনারা স্বৈরাচারের হাত থেকে মুক্তি এবং এলাকার উন্নয়নের পক্ষে রায় দেবেন।

শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। জনসভাটি সঞ্চালনা করেন মোহাম্মদ আলী সরকার।

বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোঃ মনজুরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির বিজয়ের বিকল্প নেই। এ সময় যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।