বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বোদায় আনন্দ মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:১০ পিএম

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বোদায় আনন্দ মিছিল

ছবি-দিনাজপুর টিভি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পঞ্চগড়ের বোদায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বোদা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে বোদা ধানহাটি মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল ও আরিফুল রহমান আরিফ।

এছাড়া যুবদলের আহবায়ক এলাহী কুদরত ই আমিন সাগর ও সদস্য সচিব সোহেল রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বোদা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ধানহাটি মাঠে গিয়ে শেষ হয়।এদিকে তারেক রহমানকে বরণ করতে পঞ্চগড় জেলা থেকে প্রায় ৪-৫ হাজার নেতাকর্মী ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু জানান, নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে রেল বিভাগ একটি স্পেশাল ট্রেনের ৪টি বগি বরাদ্দ দিয়েছে। এছাড়া ৪টি বাস এবং ১০০টি মাইক্রোবাসের বহর নিয়ে নেতাকর্মীরা ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রিয় নেতাকে দীর্ঘ অপেক্ষার পর বরণ করে নিতে তৃণমূলের কর্মীদের মাঝে এখন বিরাজ করছে উৎসবের আমেজ।