রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বড়ো ধরেন পরিবর্তন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:২৮ পিএম

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বড়ো ধরেন পরিবর্তন

চব্বিশের গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরণের পরিবর্তনের হাওয়া বইছে যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত রূপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় এবং সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পর জোট গঠনের সমীকরণ এখন তুঙ্গে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের একাংশের গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখন রাজনীতির কেন্দ্রে অবস্থান করছে এবং তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জোটের ভবিষ্যৎ।

গত ২৪ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে দলের অধিকাংশ সদস্য জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার পক্ষে মত দিলেও একটি অংশ এর বিরোধিতা করে বিএনপির সঙ্গে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

রাজনীতির মাঠে গুঞ্জন রয়েছে যে এনসিপি জামায়াতে ইসলামীর কাছে আসন্ন নির্বাচনে ৫০টি আসন দাবি করেছে। অন্যদিকে তারেক রহমান দেশে ফেরার পর এনসিপির নেতারা তার সঙ্গেও আলোচনার প্রস্তুতি নিচ্ছেন যেখানে তারা অন্তত ১৫টি আসনের নিশ্চয়তা চাইতে পারেন। এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াত নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করলেও দলের অপর অংশের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম কোরামের ভিন্নমত রয়েছে।

এই মতপার্থক্যের কারণে এনসিপি ভেঙে যাওয়ার এবং নতুন দল গঠনের সম্ভাবনাও তৈরি হয়েছে। জানা গেছে এনসিপির একটি অংশ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছে এবং আজ যে কোনো সময় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।এদিকে জামায়াতে ইসলামীও বসে নেই। তারা এনসিপি ছাড়াও আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি এবং এলডিপির কর্নেল অলি আহমদের সঙ্গে জোটের আলোচনা চালিয়ে যাচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এনসিপির সঙ্গে তাদের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে।

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের অতিরিক্ত আসন চাহিদার কারণে জামায়াতের ‘ওয়ান বক্স’ বা এক জোটে ভোট করার পরিকল্পনা কিছুটা জটিলতার মুখে পড়েছে। জামায়াত যেখানে ১০০ আসন ছেড়ে ২০০ আসনে নির্বাচন করতে চায় সেখানে শরিকদের চাহিদা এর চেয়ে অনেক বেশি। সব মিলিয়ে তারেক রহমানের উপস্থিতি এবং এনসিপির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে আগামী দুই দিনের মধ্যে দেশের রাজনীতিতে একটি বড় ধরণের মেরুকরণ বা নতুন জোটের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।