ডিসেম্বর ২৭, ২০২৫, ০২:২৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে সাময়িক বিরতি শেষে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করার পরপরই আন্দোলনকারীরা কাঁটাবন ও আজিজ সুপার মার্কেটের সামনে থেকে সরে এসে পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেন।
খবর বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা 'শহীদ হাদি চত্বরে' (শাহবাগ মোড়) অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে হাদি হত্যার বিচার দাবি করছেন।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত তারা কনকনে শীতের মধ্যেও রাজপথে অবস্থান করেছিলেন। অবস্থানকারীদের জন্য ইতোমধ্যে কম্বল ও সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে।
আন্দোলনকারীদের প্রধান দাবি ও ঘোষণা: ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সরাসরি শাহবাগে এসে জনগণের সামনে জবাবদিহি না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তাদের দাবিগুলো হলো: ১. হাদি হত্যার পরিকল্পনাকারী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার। ২. খুনিদের ভারতে পালাতে যারা সহায়তা করেছে, তাদের চিহ্নিত করে বিচার করা। ৩. দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করা।
হাদি হত্যাকাণ্ডের প্রেক্ষাপট: উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সম্পৃক্ততা পাওয়া গেছে। হাদি আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অনির্দিষ্টকালের অবরোধ চলবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন