ডিসেম্বর ৩০, ২০২৫, ১২:১৬ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্দেশক্রমে তাঁর ‘রুকনিয়াত’ বা প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে জানান, অধ্যাপক জসিম উদ্দিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর সদস্যপদ বাতিল করা হয়েছে।
সংগঠনকে সুশৃঙ্খল রাখতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে এ বিষয়ে ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম বলেন।
সাংগঠনিক নিয়মনীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অধ্যাপক মো. জসিম উদ্দিনকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ঊর্ধ্বে থেকে আমরা দলীয় শৃঙ্খলা বজায় রেখেছি। আগামীতেও শৃঙ্খলার ব্যাপারে দল আপসহীন থাকবে।
বহিষ্কারের বিষয়ে অধ্যাপক জসিম উদ্দিনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।উল্লেখ্য, ময়মনসিংহ জামায়াতে অধ্যাপক জসিম উদ্দিন একজন পরিচিত মুখ হলেও নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই বহিষ্কারের ঘটনা জেলা রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় জামায়াতের এই ‘জিরো টলারেন্স’ নীতি তৃণমূল কর্মীদের মাঝে কড়া বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন