বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার জানাজা স্থলে ভোর থেকে মানুষের ঢল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:৩৮ এএম

খালেদা জিয়ার জানাজা স্থলে ভোর থেকে মানুষের ঢল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নেমেছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোরের আলো ফোটার আগেই মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা লক্ষাধিক মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সরেজমিনে দেখা গেছে, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ ও বগুড়াসহ দেশের প্রতিটি জেলা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা মঙ্গলবার রাত থেকেই ঢাকা আসতে শুরু করেন।

অনেককে বুধবার ভোর ৪টা থেকেই সংসদ ভবন এলাকায় অবস্থান নিতে দেখা গেছে। শীত ও কুয়াশা উপেক্ষা করে আসা এই মানুষগুলোর অনেকের বুকেই শোভা পাচ্ছে শোকের প্রতীক ‘কালো ব্যাজ’।

প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসা এই বিশাল উপস্থিতি তাঁর রাজনীতির দীর্ঘ প্রভাব ওআকাশচুম্বী জনপ্রিয়তারই প্রমাণ দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।জানাজা ও দাফন ঘিরে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলের আশপাশের এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে সীমিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে, তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনারসহ) সমাহিত করা হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ জোহর দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে শেরেবাংলা নগরে চিরনিদ্রায় শায়িত করা হবে। জানাজার আগে তাঁর মরদেহ সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণ উন্মুক্ত রাখা হতে পারে।