ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:৫১ এএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এখন তাঁর বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনে। সেখানে এক অত্যন্ত আবেগঘন ও হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। মায়ের মরদেহের পাশে বসে শোকাতুর হৃদয়ে কোরআন তিলাওয়াত ও দোয়া করছেন ছেলে তারেক রহমান।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ গুলশানে পৌঁছানোর পর থেকেই সেখানে শোকের ছায়া নেমে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ও বিভিন্ন সূত্রে পাওয়া ভিডিওতে দেখা গেছে, জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানের ঠিক পাশেই একটি চেয়ারে বসে আছেন তারেক রহমান।
পরম মমতায় ও নিবিষ্ট মনে তিনি মায়ের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত করছেন। দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর মায়ের সঙ্গে এমন নিথর সাক্ষাত নেতাকর্মীদের মাঝেও কান্নার রোল সৃষ্টি করেছে।তারেক রহমানের এই বাসভবনে প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখছেন পরিবারের সদস্যরা। সেখানে উপস্থিত আছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান।
এছাড়া পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটিকে কেন্দ্র করে গুলশান-২ এর ১৯৪ ও ১৯৬ নম্বর সড়ক এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। বাসভবনের সামনে হাজার হাজার নেতাকর্মী প্রিয় নেত্রীকে একনজর দেখার জন্য ভিড় করছেন।বেলা ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে তাঁকে সরাসরি শেরেবাংলা নগরে দাফন করার জন্য নিয়ে যাওয়া হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন