বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মায়ের জানাজায় দেশবাসীর উদ্দেশে যা বললেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৪:৪৩ পিএম

মায়ের জানাজায় দেশবাসীর উদ্দেশে যা বললেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা শুরুর ঠিক আগ মুহূর্তে দেশবাসীর উদ্দেশে এক আবেগঘন ও দায়িত্বশীল বক্তব্য দিয়েছেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজামঞ্চে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য দেন।

বক্তব্যের শুরুতেই বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে নিজেকে পরিচয় দিয়ে তারেক রহমান বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান।

মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।

মায়ের দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের কথা স্মরণ করে তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তারেক রহমান বলেন, খালেদা জিয়ার ব্যবহারে বা কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মায়ের পক্ষ থেকে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম।

ছেলের এমন বিনীত ও দায়িত্বশীল বক্তব্যে উপস্থিত লাখো মুসল্লির মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপরই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়।