রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াতকে নিয়ে এবি পার্টি সভাপতির ঠাট্টা, ভিডিও ভাইরাল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ১১:২৬ এএম

জামায়াতকে নিয়ে এবি পার্টি সভাপতির ঠাট্টা, ভিডিও ভাইরাল

নির্বাচনী সমঝোতার মধ্যে জামায়াতে ইসলামীকে নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মজিবুর রহমান মঞ্জুর একটি ঘরোয়া বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় করা ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে জামায়াতের প্রার্থী প্রত্যাহার এবং নির্বাচনী কৌশল নিয়ে হাস্যরস করতে দেখা যায়।

ফেনী-২ আসনে জামায়াত সমর্থিত ১১ দলের প্রার্থী হিসেবে মঞ্জুর মনোনয়নপত্র জমা দেওয়ার পর এই ভিডিওটি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ভাইরাল ভিডিওতে মঞ্জু বলেন, উনারা (জামায়াত) একটা ভুল করছেন। লিয়াকত সাহেবকে প্রার্থী হিসেবে রেখে দিলে উনাদের হাতে কথা থাকত। উনারা তো আলোচনা শেষ হওয়ার আগেই প্রার্থী প্রত্যাহার করে ফেলেছেন।

এখন আমি যদি নির্বাচন না করি, তবে উনারা ভোট করবেন কারে লই? তার এমন মন্তব্যে উপস্থিত অন্যদের হাসতে দেখা যায়। মূলত জামায়াতের দীর্ঘদিনের প্রার্থী লিয়াকত আলী ভূঞা এবার জোটের স্বার্থে মনোনয়নপত্র জমা দেননি, যা নিয়ে মঞ্জুর এই মন্তব্য রাজনৈতিক মহলে ‘ঠাট্টা’ হিসেবে দেখা হচ্ছে।তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর এবি পার্টির পক্ষ থেকে একে ‘সুনিশ্চিত প্রোপাগান্ডা’ হিসেবে দাবি করা হয়েছে।

দলটির জেলা পেইজ থেকে জানানো হয়, প্রায় এক ঘণ্টার একটি ঘরোয়া ও অনানুষ্ঠানিক আলোচনার ছোট একটি অংশ কেটে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সেখানে মঞ্জু মূলত জোটের প্রয়োজনীয়তা এবং জামায়াতের সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়ে ব্যক্তিগত পর্যবেক্ষণ দিচ্ছিলেন। এবি পার্টি আরও জানিয়েছে, এই জোট শুধু নির্বাচনের জন্য নয় বরং দীর্ঘমেয়াদী সংগ্রামের জন্য। রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে সহনশীল আচরণের অনুরোধ জানিয়েছে দলটি।