জানুয়ারি ৩, ২০২৬, ১২:৪০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত চিকিৎসক ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা নথিপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।
মূলত স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা ১ শতাংশ ভোটারের সমর্থনে তথ্যে অসংগতি ও স্বাক্ষর সমস্যার কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়ন বাতিলের পর এক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, ভোটারদের স্বাক্ষরজনিত সমস্যার কথা বলে কর্তৃপক্ষ আমার মনোনয়নপত্র বাতিল করেছে।
আমি এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করব। আশা করি, ন্যায়বিচার পাব এবং আমার মনোনয়ন ফেরত দেওয়া হবে। এর আগে ২৯ ডিসেম্বর তিনি সবুজবাগ থানা নির্বাচন অফিসে বিপুল সংখ্যক সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার টাকা এবং দেশের বাইরে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড আয় রয়েছে।
তাঁর নামে কোনো স্থাবর সম্পদ (বাড়ি/জমি) নেই, তবে নগদ ১৬ লাখ টাকা ও ২ লাখ ৫০ হাজার টাকার অলংকার রয়েছে। তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা ঋণের তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ডা. জারা সম্প্রতি জামায়াতের সাথে জোটের বিরোধিতায় এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার ঘোষণা দিয়েছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন