বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মায়ের দেখানো পথেই দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান: রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০১:২৬ পিএম

মায়ের দেখানো পথেই দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই বাংলাদেশে গণতন্ত্র সমুন্নত থাকবে। মায়ের সেই আদর্শ ও পতাকাকে ধারণ করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে নতুন সম্ভাবনার দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যাবেন।

শনিবার (৩ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিন সকালে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী।

পরে মরহুম নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় রিজভী বলেন, "বেগম খালেদা জিয়া যে নৈতিকতা ও গণতন্ত্রের অঙ্গীকার রেখে গেছেন, তা অত্যন্ত উঁচু মাত্রার। ৪৫ বছর ধরে তাঁর নিরন্তর সংগ্রামের সেই পথ ধরেই বিএনপি ও এর সকল অঙ্গ-সংগঠন এগিয়ে যাবে।

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে রিজভী আরও বলেন, প্রতিহিংসামূলক মিথ্যা মামলা ও চিকিৎসার অভাবে খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার চক্রান্ত হয়েছে। কিন্তু তাঁর অটুট মনোবল ও ধৈর্য প্রমাণ করেছে যে, কোনো হুমকির মুখেই তাঁকে তাঁর মাটি থেকে সরানো সম্ভব নয়। গত পরশুদিন জানাজায় মানুষের অভূতপূর্ব জনস্রোত প্রমাণ করেছে আল্লাহ তাঁকে মহিমান্বিত করেছেন। কুরুচিপূর্ণ আক্রমণের বিপরীতে তাঁর সৌজন্যবোধই তাঁকে জনগণের হৃদয়ে চিরস্থায়ী আসন করে দিয়েছে।