জানুয়ারি ৩, ২০২৬, ০৩:৩৯ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন।
গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শহর জামায়াত আমির আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তবে নথিপত্রে ত্রুটি থাকায় এই আসনে বাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জেএসডি প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। খালেদা জিয়ার শূন্যতায় এই আসনে এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তাঁর বড় ছেলে তারেক রহমানের সাথে অন্যান্য প্রার্থীদের।এদিকে বগুড়া-৭ আসনে বিএনপির মোরশেদ মিল্টন, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বিপরীতে নথিপত্রে অসংগতির কারণে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বগুড়ার এই দুটি আসন থেকে অতীতে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৩১ ডিসেম্বর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ারত কমপ্লেক্সে সমাধিস্থ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন