জানুয়ারি ৪, ২০২৬, ০৭:১০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার (৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
তবে মনোনয়ন টিকলেও নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই জনপ্রিয় ইসলামী বক্তা।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুফতি আমির হামজা মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আজকের যাচাই-বাছাই অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনের জন্য যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ দরকার, তা এখনো তৈরি হয়নি।
২২ তারিখের (প্রতীক বরাদ্দ/প্রচারণা শুরুর সময়) পরে কী হবে এখনো জানি না, তবে আশা করছি সব ঠিক হয়ে যাবে।নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে সংশয় প্রকাশ করে আমির হামজা বলেন, কুষ্টিয়া সদর থানা পুড়ে যাওয়ার পর যেসব অস্ত্র লুট হয়েছিল, সেগুলো এখনো উদ্ধার হয়নি। আমরা এখনো আতঙ্কে আছি—এই অস্ত্রগুলো কোথায় আছে? পুলিশ বারবার কাজ করার আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না।
তিনি সতর্ক করে বলেন, দ্রুত সময়ের মধ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং সীমান্তের চোরাচালান বন্ধ করা না গেলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি যদি সব প্রার্থী ও তাদের দলের লোকজন মেনে চলে, তবেই একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন