বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদককে কারণ দর্শাণোর নোটিশ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০১:০৩ পিএম

জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদককে কারণ দর্শাণোর নোটিশ

ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান নাজিরকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নোটিশ প্রদান করা হয়।

কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে নেতিবাচক মন্তব্য করার প্রেক্ষিতে এই কঠোর অবস্থান নিল ছাত্রশক্তি।

শোকজ নোটিশে উল্লেখ করা হয় যে, ইমরান নাজির সংগঠনের গঠনতন্ত্রের ধারা ৬.৫ অনুযায়ী শৃঙ্খলাবিরোধী আচরণ করেছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে তিনি নিজের ফেসবুক প্রোফাইল থেকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কোরাম’ এবং সংগঠনের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি দাবি করেন, জাতীয় ছাত্রশক্তি শিক্ষার্থীদের আস্থাভাজন হওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও এটি বর্তমানে ‘ঢাবি কেন্দ্রিক জমিদারিতে’ পরিণত হয়েছে। তার এই বক্তব্য সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে কেন্দ্রীয় সংসদ।

ইমরান নাজির তার পোস্টে আরও উল্লেখ করেন যে, ছাত্রশক্তির নেতৃত্বস্থানীয় পদগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে দেওয়া হচ্ছে না এবং কেউ সমালোচনা করলে তাকে ‘মাইনাস’ করে দেওয়া হচ্ছে। তিনি ছাত্রশক্তিকে আগের ব্যর্থ ‘গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর সাথে তুলনা করে বলেন, যোগ্যতার যাচাই না করেই এখানে অযোগ্য তকমা দেওয়া হয়। তার মতে, সংগঠনের ভেতর কোনো ধরনের সমালোচনা সহ্য করা হয় না এবং পুরো প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট কোরামের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে।

জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী যেকোনো অভিযোগ বা পরামর্শ সাংগঠনিক কাঠামোর ভেতরে আলোচনা করার সুযোগ রয়েছে। কিন্তু দায়িত্বশীল পদে থেকে প্রকাশ্য জনপরিসরে বা সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেওয়া গুরুতর অপরাধ। এখন নির্ধারিত সময়ের মধ্যে ইমরান নাজিরের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সংসদ। এ নিয়ে ছাত্র রাজনীতির অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।