জানুয়ারি ১০, ২০২৬, ১১:১২ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু আপসহীন ছিলেন এবং বীরের মতো বিদায় নিয়েছেন। অন্যদিকে, বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনার জন্য নির্মম ভাগ্য অপেক্ষা করছে। যারা এখনো আওয়ামী লীগকে বিভিন্নভাবে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ ও প্রতিহত করতে হবে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিএ্যাব)।
নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৮ আসনের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কিছু কিছু মানুষ উসকানিমূলক কথা বলে বেড়াচ্ছেন।
মনে হচ্ছে নির্বাচন শুধু ঢাকা-৮ আসনেই হচ্ছে। মির্জা আব্বাসকে হারাতে পারলেই যেন তারা বিএনপিকে হারিয়ে দেবে। কিন্তু সারা দেশে বিএনপির যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই।নির্বাচনী প্রতিপক্ষের উদ্দেশে তিনি বলেন, পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাইবেন না। আমি ঝগড়া করব না। প্রয়োজনে বাসায় আসেন, চা-বিরিয়ানি খাওয়াব। ভালো মানুষ হলে জনগণই আপনাদের ভোট দেবে। দয়া করে দেশটাকে স্থিতিশীল রাখুন।প্রশাসনের রদবদল নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তাকে নির্দিষ্ট এলাকায় পোস্টিং করা হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করতে।
বিএনপির পোলিং এজেন্টদের প্রতি তার নির্দেশ, নির্বাচনের দিন কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, প্রয়োজনে সবকিছু প্রতিহত করতে হবে।মির্জা আব্বাস স্পষ্ট করে বলেন, “বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই। বিএনপি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং আমরা ছাড়া অন্য কেউ জাতীয়তাবাদ নিয়ে ভাবে না।”অনুষ্ঠানে ডিইএবের সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনসহ আইডিইবির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন