জানুয়ারি ১১, ২০২৬, ০৯:৫৪ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি থেকে তিনি দেশব্যাপী নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন। বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী, আধ্যাত্মিক নগরী সিলেট থেকেই এই প্রচারণার সূচনা করবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি সিলেটে পৌঁছে তারেক রহমান দুই সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
মাজার জিয়ারত শেষে তিনি সিলেটে একটি বড় জনসভার মাধ্যমে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করবেন। সিলেট থেকে সড়কপথে ঢাকায় ফেরার পথে বিভিন্ন জেলায় পথসভা ও জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।
তারেক রহমান এবারের নির্বাচনে বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ (গুলশান-বনানী)—এই দুটি আসনে সরাসরি প্রার্থী হয়েছেন। বিভাগীয় পর্যায়ে প্রচারণার পাশাপাশি তিনি নিজের এই দুই আসনে নিবিড়ভাবে নির্বাচনী প্রচার ও গণসংযোগে অংশ নেবেন।শনিবার (১০ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন।
একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে স্বাভাবিকভাবেই আমরা ২২ জানুয়ারি থেকে আমাদের সব পরিকল্পনা ও ইশতেহার নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাব।বিএনপির স্থায়ী কমিটির নেতারা জানিয়েছেন, শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া আসনগুলোতেও তারেক রহমান জনসভায় অংশ নেবেন। তার এই ঝটিকা সফর তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছে দলের হাইকমান্ড।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন