জানুয়ারি ১৩, ২০২৬, ০৬:৪৯ পিএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ৫ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতীতে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে এই নেতাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
সম্প্রতি সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলের হাইকমান্ড তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ১৩ জানুয়ারি থেকেই তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে
১. মো. আবু তাহের সিদ্দিকী: যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ২. সৈয়দ মো. সোহেল (এস এম আতাউল মোস্তফা সোহেল): হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য। ৩. খোরশেদ আলম: চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা। ৪. সৈয়দ সাজ্জাদ মোর্শেদ: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য। ৫. মোছা. পারুল নাহার: দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।
এর আগে গত কয়েক মাসে বিভিন্ন সময়ে বহিষ্কৃত হওয়া বিএনপির তৃণমূল ও জেলা পর্যায়ের বেশ কিছু নেতাকর্মীর বহিষ্কারাদেশ একইভাবে প্রত্যাহার করা হয়েছিল। দল পুনর্গঠন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন