জানুয়ারি ১৩, ২০২৬, ১০:৪৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আগামী ২২ জানুয়ারি ২০২৬-এর আগে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না।
বিবৃতিতে দলটির সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ও সদস্য সচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন।
নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থী বা দল মাঠে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে (যেমন: ফেসবুক) কোনো প্রচারণা চালাতে পারবে না। নির্দেশনার প্রধান দিকগুলো হলো:
১. ডিজিটাল প্রচারণা নিষিদ্ধ: ফেসবুক লাইভ, প্রচারমূলক পোস্ট, ভিডিও ক্লিপ শেয়ার বা কোনো ধরনের ডিজিটাল কন্টেন্ট প্রকাশ করা যাবে না। ২. ভৌত প্রচারণা: পোস্টার, ব্যানার বা সভা-সমাবেশের মাধ্যমে কোনো প্রচারণা চালানো যাবে না। ৩. আইনি ঝুঁকি: আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নিতে পারে, এমনকি মনোনয়নপত্র বাতিল হওয়ারও আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে বলা হয়, দলীয়ভাবে সকল প্রার্থী ও সংশ্লিষ্ট ভাইদের ২২ জানুয়ারির পূর্ব পর্যন্ত যেকোনো ধরনের প্রচারণা থেকে বিরত থাকতে জোরালোভাবে অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত সময় শুরু হলে শৃঙ্খলাবদ্ধভাবে মাঠে নামার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন জমিয়ত নেতারা।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবারের নির্বাচনে `খেজুর গাছ` প্রতীক নিয়ে বেশ কয়েকটি আসনে শক্ত অবস্থানে রয়েছে। আচরণবিধি নিয়ে দলটির এই আগাম সতর্কতা নির্বাচনী মাঠে তাদের দায়িত্বশীল অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন