জানুয়ারি ১৩, ২০২৬, ১১:১৩ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করে আলোচিত চিকিৎসক ডা. তাসনিম জারা এখন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন। কেন তিনি দল ছেড়ে একাই লড়াই করার সিদ্ধান্ত নিলেন, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেনস প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তার ব্যাখ্যা দিয়েছেন তিনি।
‘জাতীয় নির্বাচন-২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠানে তাসনিম জারা বলেন, “জনগণ প্রকৃত পরিবর্তন চায়। তারা পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং জবাবদিহির সংকট থেকেই আমি দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি বর্তমান রাজনৈতিক কাঠামোর সমালোচনা করে বলেন, “দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় জবাবদিহির কাঠামো অত্যন্ত দুর্বল।
এখানে যে যার কাছে জবাবদিহি করবে, সেই আবার তার নিয়োগকর্তা—এটি একটি বড় প্রশাসনিক সংকট।”জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে জারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের যে সংস্কারের কথা বলা হচ্ছে, সে বিষয়ে আলোচনা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে কার্যকর করা জরুরি। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, তাদের সাধারণ মানুষের কাছে জবাবদিহি নিশ্চিত করা না গেলে গণতন্ত্র পূর্ণতা পাবে না।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবেই জারার যাত্রা শুরু হওয়ার কথা ছিল। তবে গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।অন্যদিকে, তাসনিম জারা দল ছাড়ার পর ওই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুপ্রিম কোর্টের আইনজীবী জাবেদ মিয়া রাসিনকে মনোনয়ন দিয়েছে। ফলে ঢাকা-৯ আসনে এখন এনসিপির প্রার্থীর সঙ্গে সাবেক সহযোদ্ধা তাসনিম জারার এক লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ভোটাররা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন