বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জামায়াত জোটের আসন সমঝোতা চূড়ান্ত, কোন দল কত পেল?

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ১০:৩১ এএম

জামায়াত জোটের আসন সমঝোতা চূড়ান্ত, কোন দল কত পেল?

বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন মেরুকরণ। দীর্ঘ দরকষাকষি আর দফায় দফায় বৈঠকের পর অবশেষে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। আজ বুধবার বিকেল চারটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। 

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে।

এখানে সব থেকে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দলগুলোর মধ্যে আসন বণ্টনের হিসাব। জোটের প্রধান শক্তি হিসেবে জামায়াতে ইসলামী নিজেদের জন্য ১৮০টির বেশি আসন রাখছে বলে জানা গেছে। অন্যদিকে অন্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টিকে ৩০টি আসন দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। 

গত কয়েকদিনের আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৫টির বেশি এবং খেলাফত মজলিসকে ১০টি আসন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি পাচ্ছে ৭টি আসন। এছাড়া এবি পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসন পেতে যাচ্ছে। তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা এবং নেজামে ইসলাম পার্টির আসন প্রাপ্তি নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।রাজনীতির এই মারপ্যাঁচে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। দলটির পক্ষ থেকে ৭০টির বেশি আসনের দাবি জানানো হলেও জোটের পক্ষ থেকে তাদের জন্য ৪৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে। 

এই আসন সংখ্যা নিয়ে ইসলামী আন্দোলনের ভেতরে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা শেষ পর্যন্ত এই নির্বাচনী সমঝোতায় থাকবে কি না তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। গতকাল গভীর রাত পর্যন্ত দলটির নীতিনির্ধারকরা বৈঠক করেছেন তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমকে জানাননি। জামায়াত নেতারা বলছেন ইসলামী আন্দোলন না থাকলেও বাকি দলগুলোকে নিয়েই আজ চূড়ান্ত ঘোষণা দেয়া হবে।আসলে এই জোটের লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনে একটি শক্তিশালী অবস্থান তৈরি করা। গত ২৮ ডিসেম্বর ১০ দলীয় জোটের প্রাথমিক ঘোষণা আসার পর থেকেই আসন ভাগাভাগি নিয়ে শরিকদের মধ্যে অস্থিরতা কাজ করছিল। 

অনেক দলই এককভাবে বেশি আসনে প্রার্থী দিয়ে রেখেছিল। তবে গত সোম ও মঙ্গলবার দফায় দফায় বৈঠকের পর জট খুলতে শুরু করে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জানিয়েছেন আজ দুপুরের মধ্যে বাকি ছোটখাটো বিষয়গুলো সমাধান করে বিকেলেই দেশবাসীকে বিস্তারিত জানানো হবে। এই জোটের ভবিষ্যৎ এখন নির্ভর করছে ইসলামী আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।