জানুয়ারি ১৬, ২০২৬, ১০:০৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২২ জানুয়ারি ঢাকা মহানগরী থেকে তাঁর এই সাংগঠনিক ও নির্বাচনি সফর শুরু হবে। শুক্রবার (১৬ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এই সফরের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সফরের বিস্তারিত সময়সূচি:
২২ জানুয়ারি: নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে গণসংযোগ করবেন এবং স্থানীয় নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
২৩ জানুয়ারি: এদিন তিনি উত্তরবঙ্গ সফরে থাকবেন। দুপুর ২টায় দিনাজপুরের ঐতিহাসিক গোর-ই-শহীদ ময়দানে জেলা জামায়াত আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এরপর বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে প্রধান অতিথি হিসেবে জনসভায় অংশ নেবেন।
২৪ জানুয়ারি: সফরের শেষ দিনে সকালে তিনি পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
নির্বাচন উপলক্ষে জামায়াত আমিরের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বড় ধরনের জনসভার মাধ্যমে জামায়াত তাদের শক্তির জানান দিতে চায়। সফরের প্রস্তুতি নিতে ইতোমধ্যে স্থানীয় শাখাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন