বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ১০:৩৩ পিএম

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের আলোচিত সেই বৈঠকের বিষয়টি অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ভারত। শুক্রবার (১৬ জানুয়ারি) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের যে নিবিড় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, তারই অংশ হিসেবে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে অংশ নেন। 

জামায়াত আমিরের সঙ্গে হওয়া বৈঠকটিও সেই নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়ারই প্রতিফলন।উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান প্রথমবারের মতো এই বৈঠকের কথা প্রকাশ্যে আনেন।

 তিনি জানিয়েছিলেন, ২০২৫ সালে তাঁর বাইপাস সার্জারির পর অন্যান্য দেশের কূটনীতিকদের মতো ভারতের দুজন প্রতিনিধিও তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। তবে ভারতের ওই কর্মকর্তারা বিষয়টি গোপন রাখার অনুরোধ জানিয়েছিলেন বলে তিনি দাবি করেন। রয়টার্সের সেই প্রতিবেদনের প্রায় ১৫ দিন পর ভারত সরকার বিষয়টি নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করল।এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন ডা. শফিকুর রহমান। 

তিনি এক ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন যে, অন্যান্য দেশের কূটনীতিকদের মতো ভারতীয় প্রতিনিধিদের সঙ্গেও তাঁর খোলামেলা আলোচনা হয়েছে। গোপন করার মতো কিছু নেই বলেই তিনি বিষয়টি রয়টার্সের কাছে প্রকাশ করেছিলেন। জামায়াত আমির আরও বলেন, "আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা সম্পর্ক বজায় রাখতে চাই।" বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এই স্বীকারোক্তি বাংলাদেশের আগামীর রাজনীতি ও নির্বাচন নিয়ে দিল্লির নতুন কৌশলগত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।