জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৫১ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা তুঙ্গে তুলতে আজ রোববার রাজধানী ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ আসনে জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় ও জোট প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত সূত্রে জানা গেছে প্রতিটি জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এসব কর্মসূচিতে ১০ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।
আজকের প্রথম জনসভাটি অনুষ্ঠিত হবে সকাল ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায়। এখানে ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের সমর্থনে নির্বাচনী বক্তব্য দেবেন জামায়াত আমির। গত কয়েকদিন ধরেই এই আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এরপর দুপুর ২টায় গেন্ডারিয়ার ঐতিহাসিক ধূপখোলা মাঠে ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে দ্বিতীয় জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের সাথে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের সমীকরণ তৈরি হয়েছে।দিনের শেষ জনসভাটি অনুষ্ঠিত হবে বিকেল ৪টায় লালবাগের ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে। এখানে ঢাকা-৭ আসনের প্রার্থী হাফেজ হাজী এনায়েত উল্লাহর পক্ষে বিশাল জনসমাবেশের আয়োজন করেছে স্থানীয় জামায়াত।

প্রতিটি জনসভাতেই জামায়াত আমিরের পাশাপাশি ১০ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। জামায়াতের এই ঝটিকা জনসভাগুলো রাজধানীর ভোটারদের মধ্যে নতুন করে নির্বাচনী আমেজ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন