জানুয়ারি ২৫, ২০২৬, ১০:০৮ এএম
ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন এই আসনে বিএনপি পরাজিত হলে দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্তও পরাজিত হবে। তিনি বলেন তারেক রহমানের সম্মান রক্ষা করা এবং তার সিদ্ধান্তকে বাস্তবায়ন করা এখন ঝিনাইদহ-৪ আসনের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের প্রধান দায়িত্ব।
আজ শনিবার বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী প্রচার সভায় তিনি এসব কথা বলেন।রাশেদ খান তার বক্তব্যে দলের অভ্যন্তরীণ ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন আজ আমরা মোবারক আলী স্কুল মাঠে একটি ঐক্যবদ্ধ বিএনপির চিত্র দেখতে পাচ্ছি যা অত্যন্ত আশাব্যঞ্জক। তবে এই ঐক্য কেবল নির্বাচনের সময় নয় বরং সবসময় ধরে রাখতে হবে। তিনি সতর্ক করে বলেন যে গ্রুপিংয়ের রাজনীতি করে দল কখনোই লাভবান হতে পারে না।
দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকা স্বাভাবিক কিন্তু প্রতিহিংসার রাজনীতি দলের ক্ষতি করে। তাই সবাইকে বিভেদ ভুলে ধানের শীষের বিজয়ে কাজ করতে হবে।নেতাকর্মীদের উদ্দেশ্যে রাশেদ খান অভিযোগ করেন যে বিএনপিকে পরাজিত করতে বর্তমানে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ভোটারদেরই।
তারেক রহমানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা ব্যক্তিদের বিজয়ী হতে দেওয়া যাবে না বলে তিনি মন্তব্য করেন। সভায় আগামী ২৬ জানুয়ারি কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে একটি বড় ধরনের নির্বাচনী জনসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
প্রচার সভায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা একযোগে রাশেদ খানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং ষড়যন্ত্র রুখতে পাড়া-মহল্লায় সজাগ থাকার পরামর্শ দেন। সভায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী যোগ দেন যা পুরো এলাকায় নির্বাচনী আমেজকে আরও জোরালো করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন