বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে কি সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:২৩ পিএম

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে কি সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সরে এসে ইসলামী আন্দোলন এককভাবে ২৫৯টি আসনে লড়ার ঘোষণা দিলেও সিলেট-৫ আসনে তাদের কোনো প্রার্থী নেই। 

এই শূন্যস্থানে দলটি কি জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমিকে সমর্থন দেবে? এই প্রশ্নটি এখন স্থানীয় রাজনীতিতে সবচেয়ে বড় কৌতূহলে পরিণত হয়েছে। 

গত ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের দিন শেষ হওয়ার পর হাতপাখার প্রার্থী না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই এই আলোচনার সূত্রপাত।দলীয় সূত্রগুলো জানিয়েছে যে, ইসলামী আন্দোলন যেসব আসনে প্রার্থী দেয়নি, সেখানে ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির সৎ ও দক্ষ’ প্রার্থীকে সমর্থনের একটি নীতিগত সিদ্ধান্ত তাদের রয়েছে। 

সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক একজন প্রভাবশালী আলেম হিসেবে পরিচিত। তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াত সমর্থিত খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, আলোচনার ভিত্তিতে কিছু আসনে তারা অন্য প্রার্থীকে সমর্থন দিতে পারেন। কিন্তু সিলেট-৫ এর ক্ষেত্রে জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি ফয়জুল করীম কিছুটা রহস্য বজায় রেখে বলেছেন যে, উবায়দুল্লাহ ফারুক যেহেতু বিএনপি সমর্থিত প্রার্থী, তাই সমর্থন দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট-৫ আসনে ইসলামী আন্দোলনের একটি বিশাল নিজস্ব ভোটব্যাংক রয়েছে যা জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় আলেম সমাজ এবং সাধারণ ভোটারদের একটি বড় অংশ জমিয়ত সভাপতির দিকে ঝুঁকে থাকলেও ইসলামী আন্দোলনের আনুষ্ঠানিক সমর্থন না পাওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না। অনেকে মনে করছেন, শেষ মুহূর্তে হয়তো ইসলামী আন্দোলন কোনো একক প্রার্থীকে সমর্থন না দিয়ে বিষয়টি ‘উন্মুক্ত’ করে দিতে পারে। তবে জকিগঞ্জ-কানাইঘাটের নির্বাচনি ময়দানে এই ‘হাতপাখা’র সমর্থন শেষ পর্যন্ত কোন দিকে যায়, তার ওপরই নির্ভর করছে ওই আসনের নির্বাচনি ভাগ্যের অনেকখানি।