রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, তারা জনসমর্থন হারাচ্ছে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০৬:১২ পিএম

যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, তারা জনসমর্থন হারাচ্ছে

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অহেতুক শঙ্কা ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তারাই ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম নগরের দক্ষিণ আগ্রাবাদ ও পার্শ্ববর্তী এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মন্তব্য করেন, বাংলাদেশের মানুষ বর্তমানে গণতন্ত্র ও একটি অবাধ নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। তিনি বলেন, “যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে, তারা প্রকারান্তরে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং স্বাভাবিকভাবেই জনসমর্থন হারাচ্ছে।

তিনি আরও যোগ করেন যে, আন্তর্জাতিকভাবেও বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের এই নির্বাচনি প্রক্রিয়ায় ইতিবাচক সহযোগিতা করছে।গণসংযোগকালে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির কথা উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, 

সারাদেশে ধানের শীষ ও বিএনপির প্রতি জনগণের যে বিপুল উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা মূলত দলের প্রতি সাধারণ মানুষের গভীর আস্থার প্রতিফলন। বিএনপি কেবল ক্ষমতায় যেতে চায় না, বরং রাজনীতিতে শান্তি, সহনশীলতা, স্থিতিশীলতা এবং পারস্পরিক সম্মানবোধের একটি নতুন সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আমির খসরু অলিগলি ঘুরে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। একটি সুন্দর ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি চট্টগ্রামের আপামর জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।