বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কুমিল্লা টাউন হলের সভায় যোগ দেবেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৬, ১১:৪৯ এএম

কুমিল্লা টাউন হলের সভায় যোগ দেবেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে আজ শুক্রবার দুই দিনের সফরে কুমিল্লা আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি জেলার গুরুত্বপূর্ণ ৫টি নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আজ শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠ পরিদর্শনে এসে এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। 

জামায়াত আমিরের এই আগমনকে কেন্দ্র করে কুমিল্লা মহানগরীসহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত রঙিন ব্যানার, ফেস্টুন আর সুদৃশ্য তোরণে ছেয়ে গেছে। লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আজ বিকেলের পর থেকে নির্বাচনি জনসভাগুলো শুরু হওয়ার কথা রয়েছে।

সফরের নির্ধারিত সূচি অনুযায়ী আজ শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের লাকসাম স্টেডিয়াম মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। 

এরপর সন্ধ্যা ৭টায় তিনি কুমিল্লা নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠে বিশাল এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। এই জনসভাকে সফল করতে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় জামায়াত-শিবির। কাজী দ্বীন মোহাম্মদ জানিয়েছেন যে টাউন হলের জনসভায় মানুষের ব্যাপক সমাগম ঘটবে যা কুমিল্লার রাজনৈতিক ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে। মাঠের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দলীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার সকাল ৯টায় তিনি জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনি আসন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম পাইলট স্কুল মাঠে বক্তব্য রাখবেন। এরপর দুপুর ১২টায় কুমিল্লা-৫ বুড়িচং আসনের নিমসার বাজারে এবং বিকেল ২টায় কুমিল্লা-১ দাউদকান্দি আসনের মডেল মসজিদ মাঠে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এই নির্বাচনি জনসভাগুলোতে ডা. শফিকুর রহমানের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং ডাকসুর সাবেক ভিপি সাদেক কায়েম।

 

জোটের শীর্ষ নেতাদের এই ঐক্যবদ্ধ উপস্থিতি কুমিল্লার নির্বাচনি বৈতরণী পার হতে জোটের প্রার্থীদের বিশেষ সুবিধা দেবে বলে মনে করছেন সাধারণ সমর্থকরা।১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে জামায়াত আমিরের এই ঝটিকা সফর কুমিল্লা অঞ্চলের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রতিটি জনসভায় তিনি ভোটারদের কাছে দাঁড়িয়ে পাল্লা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি ও জোটের ইশতেহার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। 

জামায়াত নেতাদের মতে কুমিল্লা বরাবরই তাদের একটি উর্বর ক্ষেত্র এবং আমিরের এই সফর সেই জনসমর্থনকে আরও সুসংহত করবে। নির্বাচনি আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর। বিশেষ করে আল্লামা মামুনুল হক ও নাহিদ ইসলামের উপস্থিতি এই জনসভাগুলোতে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।