রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৩৫ পিএম

হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা

কলকাতার আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র (আইসিসিআর) মিলনায়তনে আয়োজিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জয় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং সেই সময়ের হতাহতের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। 

তিনি বলেন, আন্দোলনে অধিকাংশ নিরপরাধ মানুষ নিহত হয়েছেন, যা একটি ‘ভুল’ ছিল। একইসঙ্গে বাংলাদেশের বর্তমান নির্বাচন প্রক্রিয়া নিয়েও তিনি নেতিবাচক মন্তব্য করেন।

জয়ের এই রাজনৈতিক বক্তব্য কলকাতার সুধী সমাজ ও রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাংস্কৃতিক রাজধানী কলকাতায় কোনো সাহিত্যিক অনুষ্ঠানে এ ধরনের বিতর্কিত রাজনৈতিক ভাষণ কাম্য নয়। 

এটি স্থানীয় রাজনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে, বিজেপির প্রতিনিধি পঙ্কজ রায় মনে করেন, মতপ্রকাশের অধিকার সবার আছে, তবে সাহিত্যিক অনুষ্ঠানের প্রেক্ষাপট বজায় রাখা উচিত ছিল। রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের মতে, এই ভাষণ বইয়ের সাহিত্যিক আলোচনাকে ছাপিয়ে রাজনৈতিক ইস্যুতে জনমত তৈরির চেষ্টায় পরিণত হয়েছে।আয়োজক সংগঠন ‘খোলা হাওয়া’ এই বিতর্ককে নাকচ করে দিয়ে দাবি করেছে, এটি নিছক একটি সাহিত্যিক অনুষ্ঠান ছিল এবং জয়ের বক্তব্যকে তারা কেবল বইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে দেখছেন। 

তবে বামপন্থি বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, কলকাতার মঞ্চ থেকে আন্তর্জাতিক রাজনৈতিক মন্তব্য করার আগে ভারত-বাংলাদেশ সম্পর্কের স্পর্শকাতর দিকগুলো বিবেচনা করা উচিত ছিল। সজীব ওয়াজেদ জয়ের এই আকস্মিক উপস্থিতি এবং জুলাই আন্দোলন নিয়ে তাঁর ‘ভুল’ স্বীকারের তত্ত্বটি ভারত ও বাংলাদেশ—উভয় দেশের অনলাইন প্ল্যাটফর্মে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।