বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তিস্তা আর মরুভূমি থাকবে না, দেওয়া হবে জীবন: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:২৪ পিএম

তিস্তা আর মরুভূমি থাকবে না, দেওয়া হবে জীবন:  জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অঙ্গীকার করেছেন যে, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দুঃখ তিস্তা নদীকে মরুভূমি হতে দেওয়া হবে না। তিস্তাকে নতুন জীবন দান করে এই অঞ্চলকে দেশের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যেকোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দেশের জনগণের স্বার্থই আমাদের কাছে সর্বাগ্রে। আমাদের স্বার্থে কেউ বাধা দিলে তা মেনে নেওয়া হবে না।

তিনি জানান, তিস্তার পানি ব্যবস্থাপনার মাধ্যমে উত্তরবঙ্গের বিস্তীর্ণ উর্বর জমি চাষাবাদের আওতায় আসবে এবং নদী ভাঙনের কবলে পড়া হাজার হাজার নিঃস্ব পরিবারের দুর্ভোগের স্থায়ী অবসান ঘটবে। এ সময় তিনি উপস্থিত জনতার কাছে সমর্থন চাইলে সমাবেশস্থল থেকে হাজার হাজার মানুষ হাত তুলে সাড়া দেন।

জনসভায় জামায়াত আমির বুড়িমারী স্থলবন্দরের আধুনিকায়ন এবং বুড়িমারী থেকে লালমনিরহাট পর্যন্ত ছয় লেনের সড়ক নির্মাণের ঘোষণা দেন। তিনি বর্তমান সড়কের বেহাল অবস্থার সমালোচনা করে বলেন, অবহেলার কারণে এ অঞ্চলের রোগী ও সাধারণ মানুষ চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছে। বিগত সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, “যুগের পর যুগ উত্তরবঙ্গ বঞ্চনার শিকার হয়েছে। 

অনেকে ক্ষমতায় গিয়ে পাঁচ বছরে একবারও সাধারণ মানুষের দিকে ফিরে তাকায়নি। কিন্তু আমরা বসন্তের কোকিল নই যে বিপদে দেশ ছেড়ে চলে যাব। সুখে-দুঃখে আমরা এই মাটিতেই থাকব।” তিনি উত্তরবঙ্গকে কৃষি ও শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখান, যেখানকার পণ্য আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হবে।