বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৩৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা জমিয়তের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:৩৫ পিএম

৩৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা জমিয়তের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৩৪ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। রোববার দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার তুলে ধরেন দলের সিনিয়র সহসভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী।

ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র’ গঠনের লক্ষ্য নিয়ে ঘোষিত এই ইশতেহারে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।ইশতেহারের অন্যতম উল্লেখযোগ্য ও আলোচিত প্রস্তাব হলো—দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে পর্যায়ক্রমে প্রাথমিক সামরিক ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ প্রদান করা। 

দলটির মতে, যেকোনো জাতীয় সংকট বা বৈদেশিক আগ্রাসনে প্রতিটি নাগরিক যেন ‘স্বাধীনতার প্রহরী’ হিসেবে ভূমিকা রাখতে পারে, সেজন্য এই ব্যবস্থা জরুরি। এছাড়া ইসলামি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা এবং শিক্ষা ও প্রতিরক্ষা খাতে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে।

মাওলানা আবদুর রব ইউসুফী বলেন যে, এই ৩৪ দফা মূলত দেশের নৈতিক অবক্ষয় রোধ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি বাস্তবসম্মত রূপরেখা। ইশতেহারে দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার অঙ্গীকার করা হয়েছে। সংবাদ সম্মেলনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশা করে দেশবাসীকে এই ইশতেহারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জমিয়ত নেতৃবৃন্দ।