ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৪:৪৬ পিএম
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে ঢাকা শহরে অন্তত ৪০টি নতুন খেলার মাঠ নির্মাণ করার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। রোববার দুপুরে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এই মেগা পরিকল্পনা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, পর্যাপ্ত খেলার মাঠের অভাবে শহরের শিশুরা খেলাধুলা ও মুরুব্বিরা হাঁটাচলার সুযোগ পাচ্ছেন না। বিএনপি সরকার গঠন করলে এই সংকট দূর করা হবে।
নিজেকে ‘এলাকার সন্তান’ হিসেবে পরিচয় দিয়ে তারেক রহমান বলেন, মিরপুর ও ইসিবি চত্বর সংলগ্ন এলাকায় তার শৈশব ও পারিবারিক জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী মিরপুরের প্রধান সড়কটি প্রশস্ত করারও জোরালো আশ্বাস দেন তিনি। তারেক রহমান বলেন, “মানুষের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে সড়ক প্রশস্তকরণের কাজটি আমরা অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করব।
পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ভোটারদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবা করার একটি সুযোগ দিন।” পরিশেষে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন