ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:০৩ পিএম
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন আড়ালে থাকা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রীর পদের অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে ঢাকার দেয়ালজুড়ে এখন তার পোস্টার ও বিলবোর্ডের ছড়াছড়ি।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট রাজনৈতিক শূন্যতা এবং জেন-জি প্রজন্মের সমর্থন কাজে লাগিয়ে তিনি নিজেকে মূলধারার রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন।
৬৭ বছর বয়সী এই চিকিৎসক নেতা একসময় কেবল ইসলামপন্থী মহলে পরিচিত থাকলেও, এখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।রয়টার্সের বরাতে জানা যায়, শফিকুর রহমান নিজেকে একজন মডারেট বা মধ্যপন্থী নেতা হিসেবে তুলে ধরছেন।
তরুণ ভোটারদের আকৃষ্ট করতে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর আদলে ‘দাদু আসছেন’ স্লোগানের প্রচারণাও নজর কেড়েছে। বিশ্লেষকরা বলছেন, গত দুই বছরে তিনি সারা দেশ চষে বেড়িয়েছেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত ও মানবিক বা ‘সফট’ ইমেজের নেতা হিসেবে উপস্থাপন করেছেন।
জামায়াতকে তিনি একটি সৎ ও নৈতিক বিকল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন, যার ভিত্তি হবে ইসলামি মূল্যবোধ কিন্তু দৃষ্টিভঙ্গি হবে উদার। একসময় নিষিদ্ধ থাকা দলটি এখন নির্বাচনের মাঠে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যা অনেক রাজনৈতিক বিশ্লেষককেই অবাক করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন