বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রথমবারের মতো ভোটে এনসিপি: জেনে নিন কে কখন কোথায় ভোট দেবেন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:৩৩ এএম

প্রথমবারের মতো ভোটে এনসিপি: জেনে নিন কে কখন কোথায় ভোট দেবেন

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত নতুন রাজনৈতিক শক্তি ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) বা ন্যাশনাল সিটিজেনস পার্টি প্রথমবারের মতো এই নির্বাচনে অংশ নিচ্ছে। জেন-জি প্রজন্মের নেতৃত্বাধীন এই দলটির শীর্ষ নেতারা কে কোথায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তা নিয়ে তরুণ ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় নেতাদের ভোটকেন্দ্র ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।এনসিপির আহ্বায়ক এবং জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলাম তার ভোটাধিকার প্রয়োগ করবেন ঢাকা-১১ আসনে। 

তিনি রাজধানীর বাড্ডার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। অন্যদিকে, দলের সদস্যসচিব আখতার হোসেন ভোট দেবেন তার নিজ জেলা রংপুরে। তিনি কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়েরহাট কেন্দ্রে ভোট প্রদান করবেন।

উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের দুই জনপ্রিয় ছাত্রনেতা ও এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর ভোটকেন্দ্রও চূড়ান্ত করা হয়েছে। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রাজধানী ঢাকায় ভোট দেবেন দলের মুখপাত্র ও জনপ্রিয় তরুণ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সকাল ৯টায় রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে যাবেন। এছাড়া দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বেশ সকালেই ভোট দেবেন বলে জানা গেছে। তিনি সকাল সাড়ে ৭টায় নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুলে ভোট দেবেন।

অন্যান্য নেতাদের মধ্যে আব্দুল হান্নান মাসউদ সকাল ৮টায় হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে এবং ঢাকা-৯ আসনের এনসিপি প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় মারকাজুল উলুম মাদ্রাসায় ভোট দেবেন। তরুণ প্রজন্মের এই নেতাদের ভোটদান নির্বাচনকে ঘিরে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথমবারের মতো ব্যালট বিপ্লবে অংশ নেওয়া এই দলের নেতাদের দিকে তাকিয়ে আছে দেশের কোটি তরুণ।