ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:০৮ পিএম
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে যখন চলছে ভোটের শেষ মুহূর্তের সমীকরণ আর রাজনৈতিক উত্তাপ, ঠিক তখনই ভিন্ন এক মানবিক ও কোমল রূপে দেখা দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির মাঠের ব্যস্ততা একপাশে রেখে তিনি সময় দিলেন অবলা প্রাণীদের জন্য।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে তিনি প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে একটি ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করেছেন। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি ক্লিনিকের ভেতর ঘুরে দেখেন এবং চিকিৎসা সরঞ্জামের খোঁজখবর নেন। তবে উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে তার প্রাণীদের প্রতি ভালোবাসা প্রদর্শনের মুহূর্তটি।
ক্লিনিক পরিদর্শনের সময় সেখানে চিকিৎসা নিতে আসা বেশ কয়েকটি অসুস্থ ও পোষা প্রাণীকে তিনি পরম মমতায় কোলে তুলে নেন এবং আদর করেন। তার এই পশুপ্রেমী রূপ উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক ভিন্ন আবেগের জন্ম দেয়। রাজনৈতিক কঠোরতার বাইরেও যে তার মনে প্রাণীদের জন্য একটি বিশেষ জায়গা রয়েছে, তা এই ঘটনার মাধ্যমে ফুটে উঠেছে।আয়োজকরা জানিয়েছেন, দীর্ঘ প্রবাস জীবনেও তারেক রহমান প্রাণীদের অধিকার ও কল্যাণের বিষয়ে সচেতন ছিলেন।
দেশে ফিরে তিনি সেই ভালোবাসা থেকেই এই উদ্যোগ নিয়েছেন। এই ক্লিনিকের মাধ্যমে এখন থেকে ঢাকার পোষা প্রাণী ও পথপশুরা বিনামূল্যে আধুনিক চিকিৎসা সেবা পাবে। বিশেষ করে যারা অর্থের অভাবে নিজেদের প্রিয় পোষা প্রাণীটির চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্য এই ক্লিনিক একটি বড় আশীর্বাদ হয়ে আসবে।
নির্বাচনের ঠিক আগের দিন এমন একটি অরাজনৈতিক ও সেবামূলক কর্মসূচিতে অংশ নেওয়া তারেক রহমানের ‘সফট ইমেজ’ তৈরিতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি প্রমাণ করতে চাইলেন, রাজনীতি শুধুই ক্ষমতা নয়, বরং সৃষ্টির সেবাও এর একটি বড় অংশ। বনানীর এই ক্লিনিকটি এখন থেকে নিয়মিত সেবা কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন