রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনে আ.লীগ সমর্থিতদের ভোট নিয়ে যা বললেন নুর

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:২২ পিএম

নির্বাচনে আ.লীগ সমর্থিতদের ভোট নিয়ে যা বললেন নুর

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের ঠিক আগের দিন, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজের জয়ের ব্যাপারে প্রবল আশাবাদ ব্যক্ত করেছেন। 

দুপুরে নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলে তার বিজয় সুনিশ্চিত। এমনকি তিনি বিরোধী রাজনৈতিক শিবিরের ভোট পাওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী।

নুরুল হক নুর বলেন, আমি আশা করি, শুধু বিএনপির ভোট নয়, আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের ভোটও আমি পাব। কারণ, মানুষ পরিবর্তন চায় এবং যোগ্য প্রতিনিধি চায়। তিনি দাবি করেন, সাধারণ মানুষ দলমতের ঊর্ধ্বে উঠে তাকে সমর্থন দিচ্ছে। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন ডাকসুর এই সাবেক ভিপি। 

তিনি অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী পরাজয়ের ভয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ভোটকেন্দ্রে পরিকল্পিত সহিংসতা ছড়িয়ে নির্বাচন স্থগিত করার পাঁয়তারা করছে।প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নুর বলেন, নির্বাচনী এলাকায় বিরোধী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি মন্তব্য করেন, "প্রশাসনের এমন রহস্যজনক নীরবতা হামলাকারী ও দুর্বৃত্তদের আরও উৎসাহিত করছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় অন্তরায়।

সবশেষে নুরুল হক নুর ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "সকল অপশক্তি ও ভয়ভীতি উপেক্ষা করে জনগণ দীর্ঘ অপেক্ষার পর তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমি বিশ্বাস করি, জনগণ ব্যালটের মাধ্যমে সঠিক জনপ্রতিনিধিকেই নির্বাচিত করবে।" শেষ মুহূর্তের প্রচারণায় নুরের এই বক্তব্য পটুয়াখালীর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভোটাররা এখন আগামীকালকের ফলাফলের অপেক্ষায়।