ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:০৫ পিএম
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের ঠিক আগের দিন ঢাকা-৮ আসনে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়ে ভোটারদের চমকে দিলেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনী প্রচারণার সময় তিনি চাঁদাবাজি নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সেই কথা রাখতেই আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে ‘চাঁদাবাজ ডট কম’ (chandabaaj.com) নামে একটি ওয়েবসাইট চালু করেছেন।বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের এই প্রতিদ্বন্দ্বী জানান, তার লক্ষ্য একটি চাঁদাবাজমুক্ত সমাজ গড়া।
তিনি বলেন, “আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।” তিনি ভোটার ও সাধারণ মানুষকে আহ্বান জানান, নিজ এলাকায় বা আশেপাশে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ এই ওয়েবসাইটে রিপোর্ট করতে।
এতে অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে।এনসিপি সূত্রে জানা গেছে, ওয়েবসাইটটি লাইভ হওয়ার পর থেকেই বেশ সাড়া মিলছে। আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশ থেকে এই পোর্টালে মোট ৮টি চাঁদাবাজির অভিযোগ বা রিপোর্ট জমা পড়েছে। এনসিপির লিগ্যাল উইং ও সংশ্লিষ্টরা এই অভিযোগগুলো গভীরভাবে যাচাই-বাছাই করছেন এবং সত্যতা মিললে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন।
প্রথাগত রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে এসে প্রযুক্তির ব্যবহার করে দুর্নীতি ও অপরাধ দমনের এই উদ্যোগ তরুণ ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। যেখানে অন্য প্রার্থীরা শেষ মুহূর্তের জনসংযোগে ব্যস্ত, সেখানে পাটওয়ারীর এই ‘ডিজিটাল অ্যাকশন’ ঢাকা-৮ আসনের ভোটের সমীকরণে কোনো প্রভাব ফেলে কি না, তা দেখার অপেক্ষায় রাজধানীবাসী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন