রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৭:২০ পিএম

শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

শ্রদ্ধা জানাবেন ডা. শফিকুর

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির তথ্য নিশ্চিত করা হয়েছে। 

২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রীয় আচার ও প্রটোকল অনুযায়ী তিনি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করবেন।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। তারা সম্মিলিতভাবে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষ করে ডা. শফিকুর রহমানের রাজধানীর আজিমপুর কবরস্থানে যাওয়ার পরিকল্পনা রয়েছে। 

সেখানে শায়িত ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন তিনি।ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

 বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত এই কেন্দ্রীয় কর্মসূচিরই একটি অংশ। শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একুশের চেতনাকে সমুন্নত রাখতে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হবে।