ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৪:১৮ পিএম
কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, জাতীয় সংসদে নির্বাচিত ৭৯ জন সদস্য মিলে বাকি ২১১ জন সংসদ সদস্যকে তীরের মতো সোজা করে রাখা হবে। শুক্রবার কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবার আগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
আমির হামজা জানান, চরমোনাই সমর্থিত একজনসহ তাদের এই জোটে ৭৮ জন এবং শেরপুরের একজনসহ মোট ৭৯ জন সদস্য রয়েছেন যারা সংসদের ভেতরে ও বাইরে সরকারের কার্যক্রমের ওপর কড়া নজরদারি রাখবেন।
সংসদ সদস্যদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, যদি কোনো সদস্য নিয়মবহির্ভূত বা জনস্বার্থবিরোধী কোনো কাজ করেন, তবে এই ৭৯ জন মিলে তাদের কঠোরভাবে জবাবদিহিতার আওতায় আনবেন। সেটি সংসদের ভেতরে হোক কিংবা রাজপথে হোক, ন্যায়ের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তার মতে, জনগণের প্রতিনিধি হিসেবে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে তাদের প্রধান লক্ষ্য। কোনো অনিয়ম দেখলে তারা চুপ করে বসে থাকবেন না বরং জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবেন।রাজনীতিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে মুফতি আমির হামজা বলেন, তাদের কাছে দল-মত বা ধর্মের কোনো ভেদাভেদ নেই। কোনো কাজের বৈধতা বিচার করা হবে তার নৈতিকতা ও আইনি ভিত্তির ওপর। তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজি যদি তার নিজের দলের লোকও করে তবে তাকেও আইনের আওতায় আনতে হবে।
অন্য দলের লোক করলে অপরাধ আর নিজের দলের লোক করলে ছাড়—এমন রাজনৈতিক সংস্কৃতি ন্যায়বিচার হতে পারে না। তিনি স্পষ্ট জানান যে অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, সেখানে দলীয় পরিচয় কোনো ঢাল হিসেবে ব্যবহৃত হতে পারবে না।নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও উল্লেখ করেন, তিনি কেবল তাকে ভোট দেওয়া ১ লাখ ৮৩ হাজার মানুষের প্রতিনিধি নন, বরং কুষ্টিয়া সদর আসনের সাড়ে ৪ লাখ ভোটারের সবার এমপি।
তিনি সব ভোটারকে নিজের আপন ভাই ও বোনের মতো মনে করেন এবং কোনো প্রকার বৈষম্য ছাড়াই সবার কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। আগামী পাঁচ বছর যেন সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এলাকার উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে সবাই তাকে সহযোগিতা করবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন