শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ঈদের আগেই ইমামদের সম্মানি দিচ্ছে সরকার: মাহদী আমিন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৪:২৬ পিএম

ঈদের আগেই ইমামদের সম্মানি দিচ্ছে সরকার: মাহদী আমিন

ব্রিফ করছেন মাহদী আমিন

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, আসন্ন ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে দেশের কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সারাদেশে তা কার্যকর করা হবে।

 মূলত নির্বাচনের আগে বিএনপি যে ইশতেহার ঘোষণা করেছিল, সেখানে আলেম-ওলামাদের জীবনমান উন্নয়নে এই প্রতিশ্রুতির কথা উল্লেখ ছিল।ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ভাতার পরিমাণ কত হবে সে বিষয়ে জানতে চাইলে মাহদী আমিন বলেন যে বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। 

এটি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় সভা বা আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানেই ভাতার অংক নির্ধারিত হবে। তবে সরকারের লক্ষ্য হলো ঈদুল ফিতরের আগে যেন ধর্মীয় নেতারা এই সুফল ভোগ করতে পারেন তা নিশ্চিত করা। 

বিএনপি সরকারের এই পদক্ষেপে দেশের আলেম সমাজ এবং মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে জানান যে আজ ছিল প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। প্রধানমন্ত্রী হিসেবে তিনি আজই প্রথম তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন। 

কার্যালয়ে প্রবেশের আগে তিনি সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পুরাতন অনেক কর্মজীবীর খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও এদিন বিস্তারিত আলোচনা করেছেন বলে জানা গেছে।