বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পিলখানা ট্র্যাজেডি: সরকারের কাছে ৪ দাবি জমিয়তের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:২৭ পিএম

পিলখানা ট্র্যাজেডি: সরকারের কাছে ৪ দাবি জমিয়তের

পিলখানায় শহীদদের স্মৃতি

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডকে জাতির ইতিহাসের এক কলঙ্কজনক ও বেদনাবিধুর অধ্যায় হিসেবে অভিহিত করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ ঘটনার ১৭তম বার্ষিকীতে আজ বুধবার দলটির পক্ষ থেকে সরকারের কাছে চার দফা দাবি জানানো হয়েছে। 

জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক যৌথ বিবৃতিতে নিহত সেনা কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিজিবি সদরদপ্তরে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করার ঘটনা ছিল দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর এক গভীর আঘাত। এই মর্মান্তিক ঘটনার পেছনে যারা প্রকৃত পরিকল্পনাকারী, মদদদাতা ও ষড়যন্ত্রকারী ছিল, তাদের আজও সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। 

তাই রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব হলো একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। বিচারের প্রক্রিয়া নিয়ে জনমনে বিদ্যমান সকল বিতর্ক নিরসনে প্রয়োজনে পুনঃতদন্তের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।জমিয়তের পক্ষ থেকে পেশ করা চার দফা দাবির মধ্যে প্রধান হলো পিলখানা ট্র্যাজেডির একটি পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত নিশ্চিত করা। এছাড়া ঘটনার প্রকৃত মাস্টারমাইন্ডসহ সকল সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান এবং নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলোর যথাযথ সম্মান, নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। 

ভবিষ্যতে এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কার গ্রহণের প্রয়োজনীয়তার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।নেতৃদ্বয় আরও বলেন, জাতীয় স্বার্থ, ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও পূর্ণাঙ্গ বিচার হওয়া একান্ত জরুরি। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে এই বিচার প্রক্রিয়াকে কোনোভাবেই পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। তারা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা থেকে রক্ষা করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। শোকাতুর এই দিনে পুরো জাতি শহীদদের আত্মত্যাগকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে।